তুরষ্কের একটি অজানা স্থানে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান জাতীয় দলের ফুটবলাররা। সেখানে তারা বিশ্বকাপের নতুন জার্সি পড়ে ফটোশুট করেছে। গত সোমবার টিম মেলির ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ এবং উইঙ্গার মিলাদ মোহাম্মদীসহ দলের বেশ কয়েকজন তারকা নতুন জার্সি পড়ে ছবি তুলছেন।
তবে এর একদিন পর ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ জানিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি নিলেও চূড়ান্ত উপস্থিতি নির্ভর করছে ফিফার পক্ষ থেকে পাওয়া ‘দৃঢ় নিশ্চয়তার’ ওপর।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির সাথে আলাপকালে তিনি সতর্ক করে দেন যে, কোনো ধরণের বিধি-নিষেধ বা ‘অসম্মানজনক’ পরিস্থিতির সম্মুখীন হলে ইরান দল বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে।
মেহেদী তাজ জানান, বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত বিরতির পর তুরস্কে একটি প্রশিক্ষণ ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে ইরান দলের। তবে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্ট্রোমের সাথে একটি পরিকল্পিত বৈঠকের ওপর নির্ভর করছে।
সম্প্রতি কানাডায় ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানি কর্মকর্তাদের যে ধরণের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, তার পুনরাবৃত্তি চায় না ইরান। ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং কোনো ধরণের প্রবেশ নিষেধাজ্ঞা না দেওয়ার নিশ্চয়তা চেয়েছে তারা। তাজ স্পষ্ট করে বলেন, "যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো সমস্যা নেই। আমরা বিশ্বকাপে যাচ্ছি কারণ আমরা যোগ্যতা অর্জন করেছি। আমাদের আয়োজক হলো ফিফা, কোনো নির্দিষ্ট দেশ নয়।"
ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, বৈধ ভিসা থাকা সত্ত্বেও সম্প্রতি কানাডায় ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিমানবন্দরে বাধা পান মেহেদী তাজ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেইনি। তারা এই ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে। ফিফা পরবর্তীতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ইরানি কর্মকর্তাদের সাথে আলাদাভাবে বৈঠকের আশ্বাস দিয়েছে।