সাটুরিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে বাবার বাড়ি থেকে নাছরিন আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত নাছরিন আক্তার ওই গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে। তার স্বামী বর্তমানে প্রবাসে রয়েছেন এবং তাদের একটি চার বছরের কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, সকালে নাছরিনকে তার ঘরের ভেতর আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসাইন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।