মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজারে অভিযান চালিয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই বাজারে অভিযান চালিয়ে বিপাশ স্টোরের মালিক বিপাশ সাহা ও জিলানী স্টোরের মালিক মো. মাসুমকে ৪ হাজার টাকা করে জরিমানা করেন।
এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল সরকার নির্ধারিত ৯৫৫ টাকায় বিক্রি করার কথা থাকলেও ওই বাজারের বিপাশ স্টোরে বিক্রি করা হচ্ছিল ৯৯০ টাকায়। তাছাড়া দুই লিটার বোতলের সয়াবিন ৩৯০ টাকা করার জন্য নির্ধারণ করা হলেও একই বাজারের জিলানি স্টোরে ৪০০ টাকায় বিক্রি করছিল। এ কারণে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।