রায়েরবাগে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানীর রায়েরবাগে অটোরিকশার ধাক্কায় সুমাইয়া নুর তাকওয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্কুলের ২য় শ্রেণিতে পড়ত সে।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে কদমতলী রায়েরবাগ পাকার মাথা নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, তাদের বাসা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পাঠানতলী এলাকায়। শিশুটির বাবার নাম নুর আলম খান।

হাসপাতালে শিশুটির নানি মর্জিনা বেগম জানান, তিনি (মর্জিনা) থাকেন কদমতলীর রায়েরবাগ বাজার এলাকায়। ৩ সন্তানকে নিয়ে তাকওয়ার মা কান্তা আক্তার নারায়ণগঞ্জ থেকে রায়েরবাগে তার বাসায় আজ সকালেই বেড়াতে এসেছেন। বিকেলে নানী, মা ও বোনদের সাথে ঘুরতে বেরিয়েছিল শিশুটি। নানীর বাসার কিছুটা দূরে যাওয়ার পর লপিপপ খেতে নানীর কাছে আবদার করে তাকওয়া। তখন নানী ১৫ টাকা দেন তিন বোনের জন্য ৩টি ললিপপ কিনতে। সেই টাকা হাতে নিয়ে দৌড়ে দোকানে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।