জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া বেড়েছিল। এই ধারাবাহিকতায় এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। আর এ ভাড়া ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়ানো হয়েছে। এ হিসাবে কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে। গতকাল বুধবার লঞ্চের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়। এ ভাড়া মঙ্গলবার থেকে কার্যকরের কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিমি. জনপ্রতি ভাড়া ২.৭৭ টাকা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২.৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম ১০০ কিমি. অধিক দূরত্বের জন্য প্রতি কিমি. জনপ্রতি যাত্রী ২.৩৮ টাকা হতে ১৪ পয়সা থেকে ২.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ২৯ টাকা হতে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০, পেট্রোল ১৯ এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। নতুন এই দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর শুরু হয়। জ¦ালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়াতে তৎপর হয় পরিবহনসংশ্লিষ্টরা। এর ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এদিনই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।