যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকান্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বৃষ্টি ও লিমন এ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া সমাবর্তনে লিমন ও বৃষ্টির সম্মানে দুটি চেয়ার খালি রাখা হবে। শোক জানাতে পালন করা হবে এক মিনিটের নীরবতা। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার ফেসবুক পোস্ট ও স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এক ফেসবুক পোস্টে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ (গত মঙ্গলবার) মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তারা এ সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে এ সম্মাননা গ্রহণের অনুরোধ করা হয়। কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন বলে জানান তিনি।
গতকাল স্থানীয় সময় দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়। আজ বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ আগামী শনিবার সকাল ৮.৪০ মিনিটে পৌঁছাবে বলে জানান প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি ও লিমন গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ পায় পুলিশ। একই সময় নিখোঁজ হওয়া বৃষ্টির মরদেহের অংশ গত রবিবার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার করা হয়। এ হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।