পল্লবীতে চলন্ত গাড়ি থেকে গুলি, নারীসহ দুজন গুলিবিদ্ধ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:৩৬ এএম

মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশন মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি যুবদলের কর্মী বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজিয়া নামে এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, প্রাইভেট কারযোগে চার দুর্বৃত্ত এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আলমগীরের মাথা ও শরীরে একাধিক গুলি লাগে। পরে আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতের ভাই জাহাঙ্গীর জানান, আলমগীর ঢাকার নবাবগঞ্জ এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পরিবার নিয়ে মিরপুর-১১ নম্বর সেকশন এলাকায় থাকেন। পাশাপাশি মাছের ব্যবসা করেন। স্বজনদের ধারণা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে তাকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে হামলাকারীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় গুলির ঘটনাটি ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। একজনের মাথা ও একজনের পিঠে গুলি লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে গুলি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত