ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলের বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান।
বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নিরাপওা ব্যবস্থা জোরদার করা হয়।
বিশেষ করে রাতে যাতে কেউ সীমান্ত এলাকায় বিনাকারনে ঘোরাফেরা করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীর পক্ষ থেকে।
এবিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই জন্য বিজিবির বাড়তি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে ।
বিশেষ করে ১০২ কিলোমিটার বেনাপোলের-রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর, রুদ্রপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনসহ সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।