চট্টগ্রাম মহানগরীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতারা। এ সময় তারা নগরীর জননিরাপত্তা নিশ্চিতে পাঁচ দফা দাবি জানিয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনারের কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুছের নেতৃত্বে মহানগরী নেতাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেন।
মতবিনিময়কালে নেতারা নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক সময়ে ছিনতাই, চাঁদাবাজি, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর নগরবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে নগরীর ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবনে।
তারা বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই গুরুত্বপূর্ণ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার প্রভাব শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় অর্থনীতি ও জনজীবনেও পড়ে। তাই অপরাধী ও নাশকতাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দল-মত নির্বিশেষে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে তারা ৫ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- রাতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও আবাসিক এলাকায় পুলিশের টহল জোরদার করা। ছিনতাই ও চাঁদাবাজির ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা। থানায় অভিযোগ করতে আসা সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি না করে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে পুলিশি সেবা নিশ্চিত করা। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় সভার ব্যবস্থা করা।
সিএমপি কমিশনার নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, সাবেক কাউন্সিলর শফিউল আলম ও কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।