আইপিএল ছাড়তে কামিন্সকে ১৪৫ কোটির লোভনীয় অফার

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লোভনীয় হাতছানি থেকে নিজেদের সেরা তারকাদের বাঁচাতে এবার বড় পদক্ষেপ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অজি টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে ২০২৯ সাল পর্যন্ত জাতীয় দলের জন্য নিশ্চিত করতে ১২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১৪৫ কোটি টাকা) একটি মেগা চুক্তির প্রস্তাব দিয়েছে বোর্ড।

সিডনি মর্নিং হেরাল্ড-এর এক প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির আওতায় কামিন্স প্রতি বছর ৪ মিলিয়ন ডলার করে বেতন পাবেন। বর্তমানের তুলনায় তার বার্ষিক আয় প্রায় ১ মিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। বর্তমানে প্যাট কামিন্স আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রতি মৌসুমে ১৮ কোটি রুপি পান।

কেবল কামিন্সই নন, ক্রিকেট অস্ট্রেলিয়া ট্র্যাভিস হেডকেও ১০ মিলিয়ন ডলারের সমপরিমাণ চুক্তির প্রস্তাব দিয়েছে। গত বছর হেডকে পূর্ণকালীন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য বড় অফার দেওয়া হয়েছিল, যা রুখতেই বোর্ডের এই উদ্যোগ। এছাড়া মার্নাস লাবুশেনকে ৩ বছর এবং ক্যামেরুন গ্রিনকেও মাল্টি-ফরম্যাট খেলোয়াড় হিসেবে বড় অংকের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অফ ক্রিকেট জানান, “এটি একটি ভারসাম্য রক্ষার লড়াই। প্যাট, জশ হজলউড বা ট্র্যাভিস হেডের মতো মাল্টি-ফরম্যাট খেলোয়াড়দের চাহিদা ফ্র্যাঞ্চাইজি বাজারে অনেক বেশি। তাই তাদের অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রতিশ্রুতিবদ্ধ রাখা আমাদের প্রধান অগ্রাধিকার।”

২০২৯ সালে যখন এই চুক্তির মেয়াদ শেষ হবে, তখন কামিন্সের বয়স হবে ৩৬ বছর। আগামী কয়েক বছরে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি রয়েছে, যার মধ্যে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ৭টি হোম টেস্ট এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ রয়েছে। কামিন্স কতগুলো ম্যাচ খেলবেন, তার ওপর নির্ভর না করে তাকে একটি নির্দিষ্ট অংকের অর্থ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বোর্ড।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঝড়ে যখন অনেক দেশ নিজেদের তারকা ক্রিকেটারদের হারাচ্ছে, তখন অস্ট্রেলিয়ার এমন ‘মেগা ডিল’ বিশ্ব ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিল।