নতুন কোচ নিয়োগে বাফুফেকে আর্থিক সহযোগিতা করবে সরকার 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ, কক্সবাজারে এক্সিলেন্স সেন্টার নির্মাণ এবং ফুটবল ফেডারেশনের জন্য স্থায়ী স্টেডিয়াম তৈরির পরিকল্পনা, এসব বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। বৈঠকে ফুটবলের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ওই সভা নিয়ে আমিনুল হক বলেন, ‘জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে কয়েকজন কোচকে শর্টলিস্ট করা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ তিনি যোগ করেন, ‘আমাদের ন্যাশনাল টিমের জন্য আমরা একজন নতুন কোচ পেতে যাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সাধারন সম্পাদকসহ কর্মকর্তারা আমাকে সার্বিক বিষয়গুলো অবগত করেছেন। আমরা চাই বাংলাদেশের ফুটবলের জন্য যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছি, সেখানে বেস্ট পসিবল কোচকেই অন্তর্ভুক্ত করতে।’

কোচের সংখ্যা কতজনে নেমেছে? এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিলেও তিনি ইঙ্গিত দেন, আলোচনায় থাকা প্রার্থীদের মধ্য থেকেই দ্রুত একজনকে চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ‘আপনারা অল্প কিছুদিনের মধ্যেই জানতে পারবেন আমাদের কাক্সিক্ষত কোচ কে হতে যাচ্ছে।’ 

নতুন কোচ নিয়োগে আর্থিক সীমাবদ্ধতা থাকলে সরকারের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি,‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো অতিক্রম করতে হলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’

এদিকে কক্সবাজারে ফিফার অনুদানে একটি ‘এক্সিলেন্স সেন্টার’ নির্মাণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এই প্রকল্প দ্রুত শুরু করার বিষয়ে দুই পক্ষ গুরুত্ব দিয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি বাফুফের জন্য বরাদ্দ পাওয়া তিনটি স্টেডিয়ামের বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ ফুটবলের জনপ্রিয়তা ও দর্শক আগ্রহকে সামনে রেখে বাফুফে একটি স্থায়ী নিজস্ব স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেছে সরকারের কাছে। এ বিষয়ে আমিনুল হক বলেন, ‘ক্রিকেটের জন্য যেমন পূর্বাচলে বড় জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, ফুটবলের জন্যও তেমন একটি স্থায়ী ভেন্যুর প্রয়োজন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি জায়গার জন্য আবেদন করেছে, যেখানে তারা স্থায়ীভাবে নিজস্ব স্টেডিয়াম তৈরি করতে চায়। তারা ঢাকার আশেপাশে কয়েকটি ভেন্যুর কথা বলেছে। আমি বলেছি, আগে জায়গাগুলো পরিদর্শন করে আসুন, এরপর আমরা বসে সিদ্ধান্ত নেব।’

বাফুফের জমি সংক্রান্ত ৮ কোটি টাকা মওকুফের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন আমিনুল হক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এটি আলোচনা করেছি। নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে বাফুফের প্রত্যাশা অনুযায়ী বিষয়টি মওকুফ করে দেওয়ার চেষ্টা করব।’