চট্টগ্রামে মাদক মামলায় দুই অসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. দেলোয়ার (৪০) ও রাজা মিয়া (৪০)।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালত জানান, ২০১৬ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম নগরের হালিশহর থানা পুলিশ চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।