মুন্সীগঞ্জে পুকুরপাড়ে মিলল গাঁজা গাছ, চাষী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয়টি গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৩৬) চাষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত মধ্যরাতে জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামে অভিযান চালিয়ে সমুদয় গাঁজা গাছসহ চাষীকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানিয়েছে, গাঁজা চাষী সাইফুলের বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে চাষ করা ওই গাঁজা গাছের সন্ধান মিলে। গ্রেপ্তারকৃত সাইফুল ওই গ্রামের কাঞ্চন পাঠানের ছেলে।

শ্রীনগর থানা ইন্সপেক্টর তদন্ত মিল্টন দত্ত জানান, ওইদিন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফৈনপুর দক্ষিণপাড়ায় অভিযান চালায় শ্রীনগর থানা পুলিশেল টিম। এ সময় গাঁজা চাষী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্যে নিজ বাড়ি সংলগ্ন পুকুরপাড় থেকে গাঁজার গাছ উদ্ধার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।