মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী ড্রেজার ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
আজ (০৫ আগস্ট) বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জুলাই বিপ্লব একদিনে শুরু হয়নি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার অনেক সহযোগী এখনও রয়ে গেছে। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
যারা গণতন্ত্র হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো আপস হবে না। দেশে সন্ত্রাস ও মাদকের কোনো স্থান হবে না। আমার এলাকায় কোনো সন্ত্রাসী ও মাদকসেবিকে জায়গা দিবো না। তিনি আরও বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ড্রেজার ধরিয়ে দিতে পারলে ব্যক্তিগতভাবে আমি ৫০ হাজার টাকা পুরস্কার দিবো।
উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক অবাক এবং উপজেলা বিএনপির সদস্য বাদল হোসেন হাওলাদার। এ ছাড়া আরও বক্তব্য দেন জুলাই যোদ্ধা ফয়জুল করীম, রহিমা ইসলাম, সিনথিয়া আমিন, রানা হোসেন রনি, বীর তোফাজ্জল হোসেন বাদল এবং লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড মো. এরফানুর রহমান, লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম, জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
