আখাউড়া রেলওয়ে স্টেশনে মাদকসেবন, ৪ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সিলেট জেলার শাহেদ (২৮), টাঙ্গাইল জেলার আবুল কালাম (৪৮), সুনামগঞ্জ জেলার রফিকুল ইসলাম (২৩) এবং পিরোজপুর জেলার আল আমিন (২২)।

আখাউড়া রেলওয়ে থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহেদ ও রফিকুল ইসলামকে ১২ দিন করে এবং আল আমিন ও আবুল কালামকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।