অর্ধেক কাজ করেই বন্ধ প্রকল্প। ‘তেল না পাওয়ার’ অজুহাতে থমকে আছে রাস্তা নির্মাণকাজ। শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের ডাকাতিয়াকান্দা থেকে বিহারীরপাড় বাজার পর্যন্ত নির্মাণাধীন সড়কের কাজ শেষ হওয়ার আগেই ইউ-ড্রেনের নিচের অংশ ভেঙে প্রায় এক ফুট নিচে দেবে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু অর্ধেক কাজ সম্পন্ন করার পর থেকেই রহস্যজনকভাবে প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সড়কের বাকি অংশের কাজ শেষ হয়নি। ইতোমধ্যে নির্মিত অংশের বিভিন্ন স্থানে ভাঙন ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ ও তদারকির অভাবেই ড্রেনের নিচের অংশ ভেঙে পড়েছে। তাদের ভাষ্য, “দুই বছর আগে কাজ শুরু হয়েছে, এখন বলা হচ্ছে তেল পাওয়া যায়নি। তাহলে এতদিন কী হয়েছে?”
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট ঠিকাদার দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত রয়েছেন। অনেকেই বলছেন, কাজ অসমাপ্ত রেখেই তিনি পালিয়ে গেছেন।
বিষয়টি নিয়ে গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শামছুর রহমান আবুল বলেন, ‘কয়েকশ লিটার তেল লাগলে নিয়ে যাক, তবুও কাজ সম্পূর্ণ করুক। জনগণ দুর্ভোগে আছে।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব বলেন, ‘ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না, তাই কাজ বিলম্ব হয়েছে। তবে সড়কটির কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে।’
এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ দীর্ঘদিন ঝুলে থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, বাজারগামী মানুষ ও শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।