সাহিত্যবিশ্ব

প্রথমবার মুরাকামির উপন্যাসে প্রধান চরিত্রে নারী

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় লেখক হারুকি মুরাকামির উপন্যাসে এই প্রথম কোনো নারীকে দেখা যাবে প্রধান চরিত্রে। আগামী ৩ জুলাই দ্য টেল অব কাহো নামের উপন্যাসটি জাপানে প্রকাশিত হবে। ৩৫২ পৃষ্ঠার উপন্যাসের মূল চরিত্র কাহোর বয়স ২৬; যে একজন শিশুসাহিত্যিক। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে একটি সাহিত্য পত্রিকায় ধারাবাহিকভাবে গল্প আকারে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। পরে নতুনভাবে সম্পাদনা ও বড় করে পূর্ণাঙ্গ উপন্যাস রূপ দেওয়া হয়েছে।

গল্পের শুরুতে দেখা যায়, কাহো ডেটে যায়। সেখানে এক পুরুষ তাকে অপমান করে বলে, ‘আমি জীবনে অনেক ধরনের নারীর সঙ্গে ডেট করেছি, কিন্তু তোমার মতো কুৎসিত কাউকে আগে দেখিনি।’ এই উপন্যাসটি মুরাকামির ২০২৪ সালে প্রকাশিত দ্য সিটি অ্যান্ড ইটস আনসারটেইন ওয়ালস-এর ধারাবাহিকতা।

প্রকাশক শিনচোশা জানিয়েছেন, এটি মুরাকামির প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস, যেখানে একজন নারীকে প্রধান চরিত্রে পাওয়া যাবে। মুরাকামির আগের কিছু ছোট গল্প ও উপন্যাসে নারী চরিত্র ছিল। ৭৭ বছর বয়সী এই লেখক দীর্ঘদিন ধরেই নারী চরিত্র উপস্থাপনের কৌশল নিয়ে সমালোচিত হয়ে আসছেন। সমালোচকদের মতে, তাঁর লেখায় অনেক সময় নারীকে যৌন বিষয়বস্তু হিসেবে উপস্থাপন করা হয় এবং নারী চরিত্রকে খুব সরল ও একমাত্রিক করে দেখানো হয়।

২০০৪ সালে জনপ্রিয় সাহিত্য সাময়িকী প্যারিস রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে নারী চরিত্র নির্মাণ নিয়ে মুরাকামি বলেছিলেন, ‘আমার গল্পে নারীরা এক ধরনের মাধ্যম, যারা ভবিষ্যতের বার্তাবাহক। তাই তারা সবসময় আমার প্রধান চরিত্রের কাছে আসে।’ তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন উপন্যাসে নারী চরিত্র নিয়ে লেখা তার জন্য নতুন অভিজ্ঞতা হলেও এটি এসেছে স্বাভাবিকভাবেই। এর বেশি বিস্তারিত না জানালেও কাহো চরিত্রকে তিনি একজন সাধারণ মেয়ে হিসেবে বর্ণনা করেছেন যে খুব সুন্দরী নয়, নয় খুব মেধাবীও।