পিএসজি আবার ফাইনালে

প্যারিসে প্রথম লেগটা উপহার দিয়েছিল গোল-উৎসবের এক ম্যাচ। ৫-৪ ব্যবধানে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল পিএসজি। মিউনিখে বুধবার ফিরতি লেগটায় অবশ্য জিতল না কোনো দলই, ১-১ সমতায় শেষ হলো ম্যাচ। তাতে শেষ পর্যন্ত কপাল পুড়ল বায়ার্নেরই। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ৩০ মে বুদাপেস্টে আর্সেনালের সঙ্গে ফাইনাল খেলবে তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের মাত্র ১৩৯ সেকেন্ডের মাথায় গোল করে পিএসজিকে ৬-৪ অ্যাগ্রিগেটে এগিয়ে দেন উসমান দেম্বেলে। বাঁ প্রান্ত দিয়ে খিচা কাভারাৎস্কেইয়া যখন বিদ্যুৎগতিতে ঢুকে বল বাড়ালেন, তখন উসমান দেম্বেলে একদম একা। অনেক বিতর্কিত ঘটনার পর যখন শোধ করলেন হ্যারি কেইন, ততক্ষণে ইনজুরি টাইম শুরু হয়ে গেছে।