ধর্মীয় শিক্ষার আবশ্যকতা

ধর্ম মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ধর্ম মানুষের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে মনোবৃত্তি, আচরণ, মূল্যবোধ ও জীবনের দিকনির্দেশনা নির্ধারণ করে। ধর্মীয় শিক্ষা মানুষের জীবনকে সুশৃঙ্খল ও সুশোভিত করে তোলে। সমাজের স্থিতিশীলতা ও ব্যক্তির উন্নতির জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।

ধর্মীয় শিক্ষা বলতে আমরা বুঝি ধর্মের মূল বক্তব্য, বিশ্বাস, নীতিমালা ও আদর্শ সম্পর্কে শিক্ষা গ্রহণ। এটি মানুষের চরিত্র গঠন এবং তার সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনে সহায়তা করে। ধর্মীয় শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায় এবং তাকে প্রভুবিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতি প্রবৃত্তি প্রদান করে। ধর্মীয় শিক্ষার গুরুত্ব তোলে ধরা হলো।

নৈতিক মূল্যবোধের বিকাশ : ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক চরিত্র গঠন করে। এটি মানুষকে সৎ, বিনয়ী, সত্যবাদী ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে তোলে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষ শেখে কীভাবে তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায় ও সত্য বজায় রাখতে হয়।

মানবিক গুণাবলির বিকাশ : ধর্ম মানুষকে দয়ালু ও সহিষ্ণু হতে শেখায়। ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ও ক্ষমাশীলতা গড়ে তোলে। এর ফলে সমাজে সৌহার্দ্য ও ঐক্য বজায় থাকে।

আধ্যাত্মিক উন্নতি : ধর্মীয় শিক্ষা মানুষের আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। এটি মানুষের মনকে পরিশুদ্ধ করে, তাকে জীবনের গভীর সত্য উপলব্ধি করার সুযোগ করে দেয়। আধ্যাত্মিকতা মানুষের মনের শান্তি ও তৃপ্তির প্রধান উৎস।

সমাজের স্থিতিশীলতা : ধর্মীয় শিক্ষা সামাজিক নিয়ম-কানুন ও নীতিমালা বজায় রাখতে সাহায্য করে। এটি সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান ও ঐক্য গড়ে তোলে, যার ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে।

পরস্পরের প্রতি শ্রদ্ধা : ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে ধর্মভেদ ভুলে গিয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। এটি একটি বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে সহাবস্থানের জন্য অপরিহার্য।

ধর্মীয় শিক্ষার প্রয়োজন : বর্তমান যুগে যেখানে প্রযুক্তি ও বিজ্ঞান ব্যাপক উন্নতি লাভ করেছে, সেখানে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা কখনো কমে যায়নি, বরং বেড়েই চলেছে। এর কয়েকটি কারণ উল্লেখ করা হলো।

নৈতিক সংকট : আধুনিক জীবনের চাপ ও প্রতিযোগিতার ফলে অনেক সময় মানুষ নৈতিক সংকটে পড়ে। ধর্মীয় শিক্ষা এই সংকট থেকে উত্তরণের পথ দেখায়।

আত্মপরিচয় ও মানসিক শান্তির জন্য : আধুনিক জীবনের জটিলতা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে ধর্মীয় শিক্ষা মানুষের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

শিশু ও তরুণদের সঠিক পথপ্রদর্শন : বর্তমান প্রজন্ম প্রযুক্তির সঙ্গে সঙ্গে বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে। ধর্মীয় শিক্ষা তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে, যা তাদের সঠিক পথে পরিচালিত করে।

ধর্মীয় শিক্ষার ভবিষ্যৎ : ধর্মীয় শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করে সমাজের সচেতনতা ও মানসিকতার ওপর। যদি আমরা শিশু ও তরুণদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি উন্নত করতে পারি, তাহলে তারা ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে সক্ষম হবে। ধর্মীয় শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, এটি মানবজীবনের সমস্ত ক্ষেত্রেই প্রয়োগযোগ্য।

ধর্মীয় শিক্ষার অপরিহার্যতা : ধর্মীয় শিক্ষা মানুষের জীবনে অপরিহার্য। এটি ব্যক্তি ও সমাজকে নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধ করে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষ সৎ, দয়ালু ও সহিষ্ণু হয়ে ওঠে, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সাহায্য করে। বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষার গুরুত্ব আগের চেয়ে বেশি, কারণ এটি মানুষের মধ্যে সাম্যের বোধ ও পারস্পরিক সম্মান বৃদ্ধি করে। তাই আমাদের উচিত, ধর্মীয় শিক্ষাকে সমগ্র সমাজে প্রসারিত করা এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করা, যাতে তারা ভবিষ্যতে মানবতার কল্যাণে কাজ করতে পারে।

লেখক : মুহাদ্দিস ও শিক্ষা সচিব, জামিয়া দারুল হিকমাহ, কেওয়া, শ্রীপুর, গাজীপুর