জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। বৃহস্পতিবার (৭ মে) জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

মতবিনিময় সভায় জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং শিক্ষা ও প্রযুক্তিখাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা দূতাবাসের সার্বিক কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের সেবাদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জাপানে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থরক্ষা, সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে দূতাবাসের চলমান কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। পাশাপাশি জাপানে দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।