সিটি করপোরেশন অনুমোদন হওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল

বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন বগুড়াবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এ আনন্দ মিছিলের আয়োজন করে জেলা বিএনপি।

শুক্রবার (৮মে) বিকেলে নগরীর নবাববাড়ী রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ব্যান্ডপার্টির তালে তালে নেচে-গেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

মিছিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত নিকার-এর ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। এ ঘোষণার পর থেকেই জেলাজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

বগুড়া মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এইচ মিটন বলেন, বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলে শহরের আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।