আবাহনী জিতেছে বসুন্ধরার হোঁচট

মর্যাদাপূর্ণ লিগ লড়াই এখন চূড়ান্ত রোমাঞ্চের মুখে। ১৮ রাউন্ডের মধ্যে দুই রাউন্ড বাকি থাকতে শিরোপা-প্রত্যাশী দুই দল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যে পয়েন্টের ব্যবধান নেমে এসেছে একে। শুক্রবার বিএফএলের ১৬তম রাউন্ডে আবাহনী ২-০ গোলে পিডব্লিউডিকে হারালেও এগিয়ে থেকেও ঘটনাবহুল ম্যাচে পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কিংস। পয়েন্টের হিসাব বলছে, আগামী শুক্রবার কুমিল্লায় আবাহনী-কিংস ম্যাচেই নিষ্পত্তি হয়ে যেতে পারে শিরোপা।

শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ২-০ গোলে হারায় পিডব্লিউডিকে। ৪৫ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় আবাহনী। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহ কাজেম কিরমানি। শেষে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকার আকাশি-হলুদ শিবির। এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে পিডব্লিউডি।

এদিকে কিংস অ্যারেনায় ঘটে লঙ্কাকা-। খেলোয়াড় পরিবর্তনে এই সমস্যার সৃষ্টি হয়। খেলা বন্ধ থাকে প্রায় ৭২ মিনিট। ঘটনাবহুল ম্যাচের ৬৩ মিনিটে বিদেশি খেলোয়াড় বদলি নিয়ে তৈরি হয় এই জটিলতা। কিংসের প্রধান কোচ বিএ জোবায়ের নিপুর কথায়, ‘৬২ মিনিটে পুলিশের হেনরিক দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। পরে দেশি ফুটবলারের পরিবর্তে বিদেশি প্লেয়ার নামানোর চেষ্টা করে পুলিশ। এ নিয়ে আমরা প্রতিবাদ জানাই। কারণ নিয়ম হচ্ছে, দেশি ফুটবলারের পরিবর্তে নামবেন দেশি ফুটবলার। এ নিয়ে তর্কেবিতর্কে এই সময় পেরিয়ে যায়। ম্যাচ কমিশনারই মূলত এই সময় বিঘœর জন্য দায়ী।’ তবে পুলিশের এক ফুটবলার জানান, ‘আগে পিডব্লিউডির বিপক্ষে আমরা একজন দেশি ফুটবলারের পরিবর্তে বিদেশি নামিয়েছিলাম। ওই ম্যাচে এমন পরিবর্তন করতে পারলে এই ম্যাচে কেন হবে না। তাহলে এমন বিষয়ে কি অজ্ঞ ম্যাচ কমিশনার তৈয়ব হাসান?’ ৩৫ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ৫৩ মিনিটে ম্যাচে সমতায় ফেরান পুলিশের পাওলো হেনরিক। পরে ৮৬ মিনিটে রিমন হোসেন দুই হলুদ কার্ড দেখলে বসুন্ধরাও দশজনের দলে পরিণত হয়। এই ড্রয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সমান ম্যাচ খেলা পুলিশ।

অন্যদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ফর্টিজ এফসি ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনসকে। ফর্টিসের হয়ে চারটি গোল করেন পা ওমর বাবু। এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ফর্টিজ। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে ফকিরেরপুল।