রাজধানীর আদাবর থানায় তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি রুবেল ওরফে ‘পাংখা রুবেলকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরি ক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, আদাবর থানার তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে। এর আগেও রুবেল তিনবার গ্রেপ্তার হয়েছে। জামিনে বের হয়ে একই কাজে জড়ায়। ছিনতাই ছাড়াও শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত সে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে চুরি-ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাংয়ের উৎপত্তি কিংবা খুনের ঘটনায় ঢাকায় সবচেয়ে আলোচিত মোহাম্মদপুর এলাকা। রোজকার চুরি, ছিনতাই, ডাকাতিতে অতিষ্ঠ হয়ে মোহাম্মদপুরে নাগরিকরা কয়েকদফা থানায় গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন। এমন প্রেক্ষাপটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় ‘সাঁড়াশি অভিযান’ চালিয়ে আসছে। এরপরও কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। ফলে জনমনে এখনো আতঙ্ক বিরাজ করছে।