জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাম্প্রতিক সময় ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানী বক্তা না থাকে, তাহলে কিš‘ এই পতাকা আমরা ঠেকাইতে পারব না। গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের মাসদাইরে সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবা শুরুর আগে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জুমার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার সময় হুড়োহুড়িতে মসজিদের পেছনের ফটকের কাচের গ্লাস ভেঙে কমপক্ষে পাঁচজন মুসল্লি আহত হয়েছেন। মসজিদের ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।