হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। আর হামের উপসর্গ ছিল ছয় শিশুর। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২৮২ জনের এবং সন্দেহভাজক হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২১২ জনের। হামজনিত নতুন রোগী পাওয়া গেল ১ হাজার ৫২৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ২৮৫ এবং হামে ৫৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। তাতে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ মে সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৪৬ হাজার ৭১০ জন। এই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯০ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে সিলেট বিভাগের তিন জন, ঢাকার দুই জন, বরিশাল ও খুলনা বিভাগে এক জন করে মারা গেছে।  একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি; ৫৯৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী রয়েছে ২০৪ জন। সরকারি হিসাবে বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এ বিভাগে ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ১৩২ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে ৭৮ জন, চট্টগ্রামে ২৫ জন, সিলেট ২১ জন, খুলনাতে ১৬  জন, বরিশালে ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন।