ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বিষয়টি জানালে পুলিশ গিয়ে ওই নারীকে জরুরি বিভাগের পেছনে ওয়েটিং রুমের পাশে পড়ে থাকতে দেখি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
তিনি জানান, এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে।