মোটরসাইকেলে এসে গুলি, হাসপাতালের কর্মচারী আহত

রাজধানীর মহাখালী পুরানো কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রফিকুল ইসলাম মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউট সোর্সিং) কর্মচারী।

গতকাল শুক্রবার ঢামেক হাসপাতালে রফিকুলের বোন রাশেদা বেগম বলেন, মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে থাকে রফিকুল। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে ওখানকার কাঁচাবাজারের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একটি গুলি রফিকুলের বাম উরুতে লাগে। রফিকুলকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শুক্রবার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। কারা তাকে গুলি করেছে, তা জানেন না বলে জানান রাশেদা।

বনানী থানার এসআই নাজমুল হাসান জানান, ঘটনার শোনার পর আমাদের টিম ঘটনাস্থলে যায়। যতটুকু জানা গেছে, কোনো অন্তর্কোন্দলের জেরে রফিকুলকে গুলি করেছে তার শত্রুপক্ষ। ভুক্তভোগীর পরিবারের লোকজনও থানায় আসেনি। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অস্ত্রোপচারের মাধ্যমে রফিকুলের উরু থেকে একটি গুলি বের করা হয়েছে।