দেশে থ্যালাসেমিয়া রোগের বিস্তার ক্রমেই বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে পেরেছে। কিন্তু আমাদের দেশে থ্যালাসেমিয়া প্রতিরোধে এখনো কোনো গাইডলাইন বাস্তবায়ন করা যায়নি। ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ উপলক্ষে গতকাল শুক্রবার বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের হাসপাতালে প্রতিষ্ঠানটি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদ।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাদের যদি এমন গাইডলাইন থাকত, বিয়ের আগে স্বামী ও স্ত্রীÑ দুজনেরই থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক, তাহলে এ রোগপ্রতিরোধ করা সহজ হতো। এ জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা বৃদ্ধি করে আমাদের সমাজ থেকে থ্যালাসেমিয়া নিয়ে কুসংস্কার দূর করতে হবে।