সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ভুয়া ও বট অ্যাকাউন্ট সরানোর অভিযান শুরু করেছে মূল প্রতিষ্ঠান মেটা। আর এতেই বিপাকে পড়েছেন হলিউড, বলিউড ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। এক রাতেই লাখ লাখ ফলোয়ার হারিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ‘দ্য গ্রেট পার্জ অব ২০২৬’ নামে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কয়েকজন বিশ্বখ্যাত তারকার অ্যাকাউন্টে।
জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনালদো হারিয়েছেন ৮০ লাখ এবং সেলেনা গোমেজের প্রায় ৬০ লাখ ফলোয়ার। তবে সবচেয়ে বেশি ফলোয়ার হারিয়েছেন জনপ্রিয় মডেল কাইলি জেনার। তার প্রোফাইল থেকে কমেছে ১ কোটি ৪০ লাখেরও বেশি ফলোয়ার।
এ ছাড়া টেইলর সুইফট ৪২ লাখ, কেটি পেরি প্রায় ৩০ লাখ, কিম কার্দাশিয়ান ৫২ লাখ, জেনিফার লোপেজ ৩৫ লাখ এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রায় ১২ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছেন।
আরিয়ানা গ্রান্ডে, বিয়ন্সে, জেন্ডায়া, ডুয়া লিপা, জাস্টিন বিবার, শাকিরা, রিহানা, মিলি সাইরাস, লেডি গাগা, বিলি ইলিশ, বিরাট কোহলি এবং লিওনেল মেসির ফলোয়ার সংখ্যাতেও বড় প্রভাব পড়েছে।
শুধু তারকারাই নন, অনেক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারও ফলোয়ার হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ দাবি করছেন, বৈধ কিছু অ্যাকাউন্টও ভুল করে সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে ছোট কনটেন্ট নির্মাতাদের ফলোয়ার ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমেছে। তবে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তারকাদের অ্যাকাউন্টে, কারণ তাদের প্রোফাইলে তুলনামূলক বেশি বট ও স্প্যাম অ্যাকাউন্ট যুক্ত থাকে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তারকা প্রকাশ্যে মন্তব্য করেননি।