ভারতের পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। শনিবার (৯ মে) রাজ্যের প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার আরও পাঁচজন সদস্যও শপথ গ্রহণ করেন।
নতুন মন্ত্রিসভায় রয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিতে আসা ও দুইবারের বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং খুদিরাম টুডু।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ। এরপর পর্যায়ক্রমে অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, খুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক দায়িত্ব গ্রহণ করেন।
তবে নতুন মন্ত্রিসভার দফতর বণ্টন এখনও ঘোষণা করা হয়নি। প্রথম দফার মন্ত্রিসভায় সামাজিক ও জাতিগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে বিজেপি। অশোক কীর্তনিয়া মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, আর খুদিরাম টুডু আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মতুয়া ও আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে বিজেপির ভালো ফলাফলও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস এখনো বিধানসভায় বিরোধী দলনেতার নাম ঘোষণা করেনি।