ওমান উপকূলে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

ওমানের দক্ষিণ উপকূলে একটি তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় আসন্ন 'পরিবেশগত বিপর্যয়'-এর আশঙ্কা প্রকাশ করেছে দুটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। সংস্থাগুলোর দাবি, এক মাসেরও বেশি সময় আগে সংরক্ষিত সামুদ্রিক এলাকায় ট্যাংকারটি আটকে পড়ার পর থেকে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ট্যাংকারটিতে জুন মাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান। তবে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

এএফপির পর্যালোচনা করা স্যাটেলাইট ছবিতে ওমানের কিবলা দ্বীপের কাছে সমুদ্রে তেলের দাগের মতো একটি বড় এলাকা দেখা গেছে। ওই ট্যাংকারটিতে প্রায় ১০ লাখ ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল ছিল।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস-এর প্রতিনিধি নিনা নোয়েল বলেন, 'তেল ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে এবং দুর্গম স্থানে জাহাজটি আটকে থাকায় আরও বড় পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।'

নেদারল্যান্ডসভিত্তিক শান্তি ও পরিবেশবিষয়ক সংস্থা প্যাক্স এর গবেষক উইম জুইনেনবার্গও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ট্যাংকারটি থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল বেরিয়ে আসছে, যা দ্বীপের উপকূলীয় এলাকা এবং আশপাশের সামুদ্রিক পরিবেশকে দূষিত করছে।

তিনি সতর্ক করে বলেন, 'যদি জাহাজটি সম্পূর্ণ ভেঙে যায়, তাহলে এটি আঞ্চলিক পর্যায়ে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে।'

গ্রিনপিস ও প্যাক্সের মুখপাত্ররা এএফপিকে জানান, ৪ আগস্টের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, তেল ছড়িয়ে পড়ার এলাকা প্রায় ৬০০ বর্গকিলোমিটারে বিস্তৃত হয়েছে।

নিনা নোয়েল জানান, ২৪ জুলাই বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে এই দূষণের পরিমাণ ছিল আনুমানিক ৩ থেকে ২০ বর্গকিলোমিটার। অল্প সময়ের ব্যবধানে দূষণের এলাকা কয়েক গুণ বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

তিনি বলেন, ট্যাংকারটি আটকে পড়ার ফলে পরিবেশের ওপর 'গুরুতর ও সুদূরপ্রসারী' প্রভাব পড়তে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোট আকারের তেল দূষণও বছরের পর বছর সামুদ্রিক তলদেশে জমে থাকতে পারে, যা সংরক্ষিত সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য ও পুনরুদ্ধার সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত