বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডহরী-তালতলা খালে চলাচলকারী নিষিদ্ধ বাল্কহেড থেকে চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। 

শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খেতেরপাড়া বাসস্ট্যান্ডের কাছে খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি এ সমাবেশ হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ।

শুক্রবার দেশ রূপান্তর পত্রিকায় মুন্সীগঞ্জের ডহরী-তালতলা খালে চাঁদা নিয়ে নিষিদ্ধ বাল্কহেড চলাচল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

বক্তারা গত ১০ বছর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে লৌহজং উপজেলা ব্যাপক ভাঙনের শিকার হয়েছে বলে উল্লেখ করেন। ডহরী-তালতলা খালে চাঁদা আদায় করে নিষিদ্ধ বাল্কহেড চলাচলের সুযোগ দানকারীদের প্রশাসনের প্রতি গ্রেফতারের নির্দেশ দেন। 

বক্তারা বালু কাটার সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ার করেন। এ ছাড়া চাঁদাবাজি ও বালু উত্তোলনের সঙ্গে বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকলে তাদের নিয়ে সাংবাদিকদের রিপোর্ট করার কথা বলেন। এমনকি অভিযুক্তরা বিএনপির নেতাকর্মীদের আত্মীয় হলেও তাদের ছাড় না দেওয়ার আহ্বান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদল হোসেন হাওলাদার,  উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শান্ত পাঠান, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বেপারী।