মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রদীপ তেলি উপজেলার গাজীপুর চা বাগানের অনিল তেলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনের একটি কালভার্টের নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রদীপ তেলি মদ্যপ অবস্থায় কালভার্টের পাড়ে বসে ছিলেন। অসাবধানতাবশত তিনি কালভার্টের নিচে পড়ে যান এবং মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। এই আঘাতের কারণেই তার মৃত্যু হতে পারে বলে পুলিশ মনে করছে। তবে তদন্ত শেষে মৃত্যুর মূল কারণ জানা যাবে।
