ফুটবল বিশ্বকাপ নিয়ে মাহবুবুল খালিদের গানে মানবতাবাদের বার্তা

‘বিশ্বকাপ ফুটবল ২০২৬’ উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন গান ‘নান নান নান না’। মাহবুবুল খালিদের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গানটির সংগীতায়োজন করেছেন রোমান রহমান।  

বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ভিন্ন এক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে গানটি। এখানে ফুটবল শুধু খেলা নয়; বরং মানুষের ভেদাভেদ ভুলে এক হওয়ার প্রতীক। “মানি না কালা সাদা, মানি না বর্ণের বাধা”—এমন কথার মধ্য দিয়ে উঠে এসেছে সাম্য, মানবতা আর বৈষম্যবিরোধী বার্তা। ধর্ম, বর্ণ কিংবা শ্রেণি বিভাজনের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ গড়েছে গানটির প্রতিটি পঙক্তি।  

গানের দৃশ্যপটেও রয়েছে বিশ্বজনীনতা। ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, কানাডা, আমেরিকা থেকে শুরু করে লাল ভারতের প্রতীকী উল্লেখ রয়েছে; যেখানে একসঙ্গে খেলে “দাসের ছেলে আর মালিকের ছেলে”। ফুটবল মাঠ এখানে বৈশ্বিক মানবতার রূপক।  

মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরেই তার গানে সমাজের বাস্তবতা তুলে ধরছেন। নির্যাতিত শিশু গৃহকর্মীকে নিয়ে ‘আদুরি’, সীমান্তে নিহত কিশোরীকে ঘিরে ‘ফেলানীরে করল গুলি’, কিংবা আলোচিত ‘মাগুরার ফুল’—প্রতিটি গানেই নির্ভয়ে সময়ের নির্মম সত্যকে তুলে ধরেছেন। শুধু দেশীয় প্রেক্ষাপট নয়, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও তার গান কথা বলেছে মানবতার পক্ষে।

‘নান নান নান না’ শুধু একটি বিশ্বকাপের গান নয়; এটি এক ধরনের সামাজিক বার্তা। যেখানে ফুটবলের আবেগের সঙ্গে মিশে গেছে মানুষে মানুষে সমতার ডাক; একটি মানবিক পৃথিবীর স্বপ্ন, যেখানে “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”।

‘নান নান নান না’ গানের ইউটিউব লিংক: https://youtu.be/myro-GQyb6E