ঝালকাঠিতে দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক মঈনুল হক লিপুকে হত্যা চেষ্টার আসামি মাদক কারবারিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছে স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজ।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় জেলার রাজাপুর সদরের প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি স্বাধীন সাংবাদিকতাকে স্তব্ধ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র।
সাংবাদিক লিপুকে হত্যা চেষ্টার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে পুরো সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। বক্তারা, সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিক নেতারা প্রশাসনের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, সময় খুব কম। তিনদিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে ঝালকাঠির রাজপথে বৃহত্তর আন্দোলনের বিস্ফোরণ ঘটবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল-আমিন তালুকদার, সদস্য সচিব অলোক সাহা, রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, মহিলাদল নেত্রী রাকিবা রিমু, সাংবাদিক আমিনুল ইসলাম, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ মে বিকালে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক কারবারি, দুর্ধর্ষ সন্ত্রাসী শান্ত বাহিনী ধারালো চাপাতি দিয়ে সাংবাদিক মঈনুল হক লিপুকে হত্যার উদ্দেশে তার ওপর নৃশংস হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।