ঝালকাঠি শহরের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ভবনের তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনাও ঘটে। এসময় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
নিহত মলিনা রায় (৪৫) জেলা শহরের টিএনটি সড়কের একটি তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। রথযাত্রা উপলক্ষে ভবনের অপর দুটি ফ্ল্যাটের বাসিন্দারা সকালে গ্রামের বাড়িতে চলে যান। রাতে মলিনা রায়ের মেয়ে পূজা রায় বাসায় ফিরে মাকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ভবনের তিনটি ফ্ল্যাটেরই দরজা-জানালা ও তালা ভাঙা। ঘরের মালামাল তছনছ অবস্থায় পড়ে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনটি ফ্ল্যাট থেকেই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।