নতুন কোচের অধীনে ছন্দ খুজে পেয়েছে মোহামেডান

নতুন কোচ আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে দারুণ ছন্দে মোহামেডান। তার অধীনে চার ম্যাচে তৃতীয় জয় পেলো সাদাকালোরা। বাংলাদেশ ফুটবল লিগের ১৩তম রাউন্ডে আজ আরামবাগকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান। দিনের অন্যম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। 

শনিবার মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে খেলার ৮ মিনিটেই এগিয়ে যেতে পারত মোহামেডান। বাম দিকের বাইলাইনের ওপর থেকে জুয়েল মিয়ার বাড়ানো পাসে টোকা দেন স্যামুয়েল বোয়াটেং, কিন্তু বল পোস্টে লেগে ফিরে। ১৮ মিনিটে বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে ঘানার ল্যানটেই মিলসের বুক অবদি পা তোলেন মোহামেডানের মিনহাজ রাকিব। ব্যথায় মাটিতে শুয়ে পড়েন তিনি, এরপর কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন মিলস। এই ঘটনায় ফাউলের বাঁশি বাজাননি রেফারি।

৪০ মিনিটে শান্তর থ্রু পাস ধরতে সৌরভ ছুটেছিলেন বক্সে, কিন্তু তিনি পৌঁছানোর আগেই দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে বিপদমুক্ত করেন আজাদ। একটু পর আরিফের শট ঝাঁপিয়ে আটকান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে মিলসের ক্রসে বক্সে অরক্ষিত কুয়ামে কিজিতো হেড লক্ষ্যে রাখতে পারেননি। বলের অবস্থানের তুলনায় একটু বেশি লাফিয়ে ওঠায় ঘানার এই ফরোয়ার্ডের হেডে বল নিচে ড্রপ খেয়ে ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। সুবর্ণ সুযোগ নষ্ট হয় আরামবাগের।

৫০ মিনিটে মোহামেডানকে আবারও হতাশ করেন আজাদ। তবে, পরের মিনিটে আর পারেননি তিনি। সাইফুলের পাসের নাগাল বোয়াটেং পাননি, পোস্ট ছেড়ে বেরিয়ে আসা আজাদও ক্লিয়ার করতে পারেননি। আলগা বল অনায়াসে জালে জড়িয়ে দেন সৌরভ। ৭৫ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে আরিফের কাটব্যাকে ১০ মিনিট আগে বদলি নামা রহিম নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন। বাকি সময় নির্বিঘ্নে পার করে, পঞ্চম জয় তুলে নেয়। এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে আরামবাগ। সাদাকালোদের হাতে এখনো দুটি ম্যাচ বাকি। সেই দুই ম্যাচে জয় পেলে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করার সম্ভাবনা থাকবে তাদের সামনে।

ব্রাদার্স হারিয়েছে রহমতগঞ্জকে

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই জায়েদ আহমেদের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার দলটি। তবে ২৫ মিনিটে পাকিস্তানি ফরোয়ার্ড শায়াক দোস্ত গোল করে সমতা ফেরান রহমতগঞ্জের হয়ে। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাদার্স। ৫২ মিনিটে শাহিন আহমেদ দলকে এগিয়ে নেন। এরপর ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান শায়াক দোস্ত। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ব্রাদার্স। অন্যদিকে হারলেও ১৯ পয়েন্ট নিয়ে এক ধাপ ওপরে রয়েছে রহমতগঞ্জ।