ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর তারিখ আবারও পেছাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে পেছালেও জাতীয় দলের ক্যাম্পের দিনক্ষণ ঠিক করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প।
শনিবার বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে লিগ ও ফেডারেশন কাপের নতুন সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ আগস্টের পরিবর্তে ‘বাংলাদেশ ফুটবল লিগ’ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে। আর ২৮ আগস্টের জায়গায় ফেডারেশন কাপ শুরু হবে ২২ সেপ্টেম্বর। ম্যাচগুলো আয়োজনের জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে।
মূলত ফিফার খেলোয়াড় নিবন্ধনের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে ক্লাবগুলোর বাড়তি সময়ের প্রয়োজন হওয়ায় এই সিদ্ধান্ত। বিশেষ করে বসুন্ধরা কিংস, আবাহনী ও ইয়াং মেন্স ফকিরেরপুল ক্লাব সময়মতো প্রক্রিয়া শেষ করতে না পারায় বাফুফে প্রথম ধাপের দলবদলের সময় বাড়িয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। অবশ্য আবাহনী ইতোমধ্যে তাদের সংকট কাটিয়ে দল গুছিয়ে এনেছে।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ফিফা ও এএফসির নিয়মনীতি মেনেই এই শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশের সব ঐতিহ্যবাহী ও বড় ক্লাব নিয়ে সুন্দরভাবে পুরো মৌসুম আয়োজন করাই মূল উদ্দেশ্য।
এদিকে, সামনে ব্যস্ত সূচির কারণে ঘরোয়া ফুটবলে বেশ কয়েকটি বিরতি আসতে যাচ্ছে। ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিস এফসি অংশ নেবে; তাদের লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো প্রথম পর্বের শেষে অনুষ্ঠিত হবে। এরপর ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। স্বাগতিক হিসেবে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ওই সময়ে ঘরোয়া ফুটবলে আবারও বড় বিরতি দেখা যাবে।