চুয়ামেনি-ভালভার্দেকে ‘অপরাধীর মতো ফাঁসিকাষ্ঠে ঝোলাবেন না’: রিয়াল কোচ

মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’র উত্তাপ ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের অস্থিরতা। অনুশীলনে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির হাতাহাতির ঘটনায় ৫ লাখ ইউরো জরিমানার পর তাদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠছিল। তবে শনিবারের সংবাদ সম্মেলনে কোচ আলভারো আরবেলোয়া সাফ জানিয়ে দিয়েছেন, ভুলের কারণে তার খেলোয়াড়দের জনসমক্ষে অপমানিত হতে দেবেন না তিনি।

সংবাদ সম্মেলনে আরবেলোয়া অত্যন্ত আবেগপ্রবণ ও কঠোর ভাষায় বলেন, “আমি যা করব না তা হলো—তাদের জনসমক্ষে ফাঁসিকাষ্ঠে ঝোলানো, কারণ তারা এর যোগ্য নয়। বিশেষ করে গত চার মাস বা বিগত কয়েক বছরে তারা আমাকে যা দেখিয়েছে, তারপরে তো নয়ই। তারা প্রমাণ করেছে যে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার অর্থ কী, এবং আমি সেটা ভুলে যাব না।”

ক্লাবের কিংবদন্তি হুয়ানিটোর উদাহরণ টেনে কোচ প্রশ্ন করেন, আদর্শ হিসেবে পরিচিত সেই হুয়ানিটোও কি কখনো ভুল করেননি? তিনি স্পষ্ট করে বলেন, একটি ভুল দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা ঠিক নয়। চুয়ামেনি ও ভালভার্দের পাশে দাঁড়িয়ে তিনি বলেন,“এই ঘটনাকে পুঁজি করে কেউ তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলবে, তা আমি হতে দেব না। তারা পেশাদার নয় কিংবা আমাকে অসম্মান করেছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।”

একই সঙ্গে দলে কোন্দল বা পছন্দের খেলোয়াড়কে খেলানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, যারা এসব মিথ্যা রটাচ্ছে তাদের উচিত রিয়াল মাদ্রিদের বিষয়ে নাক না গলিয়ে ‘নিজেদের চরকায় তেল দেওয়া’।

ড্রেসিংরুমের খবর বাইরে পাচার হওয়াকে বড় ধরনের অপরাধ হিসেবে দেখছেন আরবেলোয়া। অজ্ঞাত সেই ‘তথ্য সরবরাহকারী’কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ড্রেসিংরুমের ভেতরকার খবর বাইরে ফাঁস করা রিয়াল মাদ্রিদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। এটি ক্লাবের লোগো বা ব্যাজের অবমাননা।”

লক্ষ্য এখন শুধুই এল ক্লাসিকো

চুয়ামেনি ও ভালভার্দের সংঘাতে মাথায় চোট পেয়ে ১০ থেকে ১৪ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ভালভার্দে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে ভবিষ্যতের জন্য একটি বড় শিক্ষা হিসেবে দেখছেন কোচ। তিনি সবাইকে মাঠের ফুটবলে ফেরার তাগিদ দিয়ে বলেন, “এটি মোটেও কোনো সুখকর পরিস্থিতি নয়। এটি সবার জন্য একটি উদাহরণ হিসেবে থাকা উচিত এবং ব্যস, এটুকুই। আগামীকাল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ। আমাদের এখন এই অধ্যায় পেছনে ফেলে সামনে তাকাতে হবে।”