মুরাদনগরে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

কুমিল্লার মুরাদনগরে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও সব ধরনের অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে ৮ নম্বর বিট পুলিশিং ও জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে বাখরাবাদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘মাদক সমাজের জন্য একটি অভিশাপ। মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, পরিবার, সমাজ ও দেশকেও ধ্বংস করে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা, পরামর্শ ও তথ্য প্রয়োজন। আপনারা পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে মাদক নির্মূলে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আমি এ থানায় যতদিন দায়িত্বে থাকব, কোনো অবস্থাতেই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। মুরাদনগরকে মাদকমুক্ত করতে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে।’

আজিজুর রহমান মমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ইউপি সদস্য মো. বাহার উদ্দিন, বাদল ডাক্তার, খলিল মেম্বার ও আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ভয়াবহ অভিশাপ থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে গড়ে ওঠা অন্যায়-অবিচার ও মাদকের সংস্কৃতি ভেঙে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

তারা আরও বলেন, ‘বাখরাবাদ এলাকাকে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত দেখতে চাই। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন এসআই সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. দেলোয়ার হোসেন চিশতী, সাবেক মেম্বার আলী নেওয়াজ, মোশারফ হোসেন, মোফাজ্জল হোসেন সরকার, মিলন মেম্বার, দানু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজ।