মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ হচ্ছি : শিক্ষামন্ত্রী

দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘সারা বছর বসে থাকব, বছর শেষে পরীক্ষা দেব, এটাই লেখাপড়া নয়।’ গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে ‘চায়না-বাংলাদেশ এডুকেশন করপোরেশন ফোরাম-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে ইতিমধ্যে ৫৭টি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে ১১৬টি। সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু আমরা মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছি।’ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য, যা প্রয়োজন তা করব। আমরা চাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে। ইতিমধ্যে কারিকুলাম পরিবর্তনের ব্যবস্থা করেছি। নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

চীনের সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের অ্যাড্রেস করতে হবে, কীভাবে তোমাদের ক্লাসরুমে পড়াশোনা করাবে।’

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান প্রমুখ।