শুধু চিনিকলই নয়, দেশের সব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে। এর সঙ্গে আরও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল শনিবার পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, মিলের কর্মকর্তারা এবং আখচাষিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেছেন, ‘একটি মিল সচল থাকলে কর্মসংস্থান তৈরি হয়, সরকারের রাজস্ব আয় বাড়ে। স্থানীয় অর্থনীতি সচল হয় এবং প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধের পথ তৈরি হয়। এ জন্য আমরা চাই এসব প্রতিষ্ঠান আবার উৎপাদনে ফিরুক।’
তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে প্রতিটি শিল্পকারখানা কেবল একটি প্রতিষ্ঠান নয় বরং আবেগ ও জীবিকার সঙ্গে জড়িত। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হচ্ছে।
একইদিনে দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী চর তিস্তাপাড়ায় দেশের প্রথম বিট সুগার মিল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দেশের প্রথম বিট সুগার মিল। তিনি বলেন, এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। বিট সুগার উৎপাদনের সম্ভাবনা নিয়ে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে।