এনএইচটিটিআইয়ের সঙ্গে প্রিসিশন ফুডসের চুক্তি

বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত পর্যটন ও কুইক সার্ভিস রেস্টুরেন্ট (কিউএসআর) খাতের জন্য আন্তর্জাতিক মানের দক্ষ জনবল গড়ে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে প্রিসিশন ফুডস অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে প্রিসিশন ফুডসের চেয়ারম্যান নাসির লতিফ এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন হায়াত।

চুক্তির আওতায় পেশাগত প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, মেধার উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ফুড সার্ভিস পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পর্যটন করপোরেশনের অধীন পরিচালিত এনএইচটিটিআই মূলত প্রার্থী নির্বাচন, প্রশিক্ষণ সমন্বয় এবং ইন্টার্নশিপ কার্যক্রমে সহায়তা করবে। অন্যদিকে প্রিসিশন ফুডস বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, শিল্প-অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানসম্মত প্রশিক্ষণ কাঠামো নিয়ে কাজ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে কুইক সার্ভিস রেস্টুরেন্ট, ক্যাফে ও আধুনিক খাদ্যসেবা খাতের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের চাহিদাও দ্রুত বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কার্যক্রম পরিচালনায় খাদ্যের মান নিয়ন্ত্রণ, গ্রাহকসেবা, স্বাস্থ্যবিধি এবং অপারেশনাল দক্ষতায় প্রশিক্ষিত কর্মীর প্রয়োজনীয়তা বেড়েছে।