কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘বর্তমানে জেলা পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কোটা করা হয়েছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। কারণ এ সরকার কৃষকদের ন্যায্য মূল্য দিতে চায়।’ গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মেদির হাওর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। এ সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা। কৃষকদের উন্নয়নে সরকার বহুমাতৃক পরিকল্পনা নিয়ে রেখেছে।’
কিশোরগঞ্জের অল ওয়েদার রোড সম্পর্কে তিনি বলেন, ‘এই সড়কটির কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় কি না তা অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ে কমিটি করা হয়েছে। তারা কাজ করছে। যদি কোথাও সমস্যা থাকে সে অনুযায়ী সমাধানে তারা কাজ করবেন।’
স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন গতকাল উপজেলার মেদির হাওর ঘুরে দেখেন।