নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করবে দেশের কারাগারগুলো। এ লক্ষ্যে দেশের কারাগারগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কারাগারে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা পূরণ করবে তারা। এ জন্য সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের এআইজি জান্নাত উল ফরহাদ। এতে জানানো হয়, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ লক্ষ্যে গত ৫ মে ইনজেন টেকনোলজির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।