বাংলাদেশসহ কয়েকটি দেশে কেমব্রিজের গণিত পরীক্ষা বাতিল

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশসহ কয়েকটি দেশে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত পরীক্ষা বাতিল করেছে  কর্তৃপক্ষ। পরীক্ষার প্রশ্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় ৯ জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে, ফল প্রকাশের নির্ধারিত তারিখ (১১ আগস্ট) অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ফাঁস হওয়া প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই পরীক্ষার নির্ভরযোগ্য ফল প্রকাশ করা সম্ভব নয়। ফলে ‘ক্যালকুলেটেড অ্যাসেসমেন্ট’ বা বিকল্প কোনো পদ্ধতিতে ফল তৈরির পরিবর্তে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মের মধ্যে স্কুলগুলোকে পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র গ্রহণ ও পরিচালনার নিয়মাবলি এবং সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেন এবং ন্যায্য মূল্যায়নের জন্য তারা কেমব্রিজের ওপর আস্থা রাখেন। সেই আস্থা অটুট রাখতে এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল নিশ্চিত করতেই আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত চলছে। গোপন পরীক্ষাসামগ্রী ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। কেমব্রিজের তথ্যমতে, এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল রয়েছে। এ ছাড়া কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও একই ব্যবস্থা কার্যকর হবে।