নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে। উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদক সেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। কিশোর শিক্ষার্থীরা রাতেও লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে ঘোরাফেরা করে। এগুলো বন্ধ করতে হবে। মাদক প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষক-অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে উন্নত জাতি গড়ে তুলতে হবে।
রবিবার (১০ মে) বড়াইগ্রামের রয়না ভরট সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিতবিশিষ্ট এক তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভীন, বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান ও সাবেক সম্পাদক রেজাউল করিম, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের আলম, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারুণ্য নির্ভর বাংলাদেশের আহ্বায়ক মেহেদী হাসান নোমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান ও বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রসঙ্গত, এক কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা ব্যয় বরাদ্দে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজ কনস্ট্রাকশন এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বড়াইগ্রামে প্রতিবন্ধীদের ফ্রি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা নাটোরের বড়াইগ্রামে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও চাকরির ব্যবস্থা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার ভরতপুরে সিআরপি-মাধব মেমোরিয়াল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ও মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিআরপি’র প্রজেক্ট অফিসার বিশ্বজিৎ দত্ত। বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিআরপির এ্যাডমিন অফিসার সাইফুল ইসলাম খান, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিআরপির কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, বড়াইগ্রাম বিএম কলেজের শিক্ষক ফরহাদ হোসেন ও ভরতপুর কওমী হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা রহমতউল্লাহ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ করে গড়ে তুলতে সিআরপির উদ্যোগে বিনামূল্যে ৬ মাস ব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা কম্পিউটার এন্ড অ্যাপ্লিকেশনস, ইলেক্ট্রনিক্স এন্ড মোবাইল ফোন সার্ভিসিং এবং ড্রেসমেকিং ও টেইলারিং বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে সনদ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেতে সহযোগিতা করা হবে।