ভোজ্যতেল লিটারে ১৫ টাকা বাড়াল টিসিবি

নিত্যপণ্যের বাজারের উত্তাপ থেকে খানিকটা স্বস্তি দিতেই ভুর্তকি মূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে পণ্য বিক্রি করে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই প্রতিষ্ঠানটিও এবার ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রাকসেলে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি করবে প্রতিষ্ঠানটি। গতকাল রবিবার সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করবে। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি করবে ১৩০ টাকা দরে। যা গত রোজার মাসে ট্রাকসেলে ছিল ১১৫ টাকা দরে বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভোজতেলের সরবরাহকারীরা সয়াবিন তেলের দাম বাড়িয়েছে লিটারে ৪ টাকা করে। এতে করে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা। এই অবস্থায় টিসিবিও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিল।

ঈদ উপলক্ষে টিসিবি ভর্তুকি মূল্যে যেসব পণ্য বিক্রি করবে তার মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা। প্রত্যেক ট্রাক থেকে প্রতিদিন নির্ধারিত পরিমাণে ৪০০ জন মানুষ পণ্য কিনতে পারবে। এই সময়ে মোট ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির প্রস্তুতি নিয়েছে টিসিবি। একজন ক্রেতা একসঙ্গে ২লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবে।

জানা গেছে, টিসিবি প্রতিদিন ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্য ছয়টি বিভাগী শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে। আজ থেকে শুরু হওয়া এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।