বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে তুরস্কের (তুর্কিয়ে) বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রামিস সেন। গতকাল রবিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। রাজধানীর আগারগাঁও বিডা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে তুর্কি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। ইতিমধ্যে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে সফর করছেন। তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ দরকার। এর মধ্যে সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সফরও গুরুত্বপূর্ণ। এসময় তিনি তুরস্কের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দের কথা উল্লেখ করেন।
আশিক চৌধুরী বলেন, ‘বাণিজ্য ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ উভয় ক্ষেত্রেই তুরস্ক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। দুই দেশের মধ্যে যে সুস্পষ্ট মিল ও সম্ভাবনা রয়েছে, তা বিবেচনায় নিলে বিনিয়োগ ও বাণিজ্য দুটোর পরিমাণই আরও বেশি হওয়া উচিত।’