মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোন আহত

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও বোন। 

রবিবার রাত ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত লাকি বেগমের (৪৫) স্বামী মোহাম্মদ মোস্তফা (৫৫) ও মেয়ে মোসাম্মদ মিথিলা মোস্তফা (১৮) আহত হয়েছেন। তারা দিলপুর গ্রামের মকবুল আহমদ হুদুর বাড়ির বাসিন্দা।

মোহাম্মদ মোস্তফা সৌদি আরবপ্রবাসী। মিথিলা রাজাপুর আলিম মাদ্রাসার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফিকে (২১) আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এলাকাবাসীর ভাষ্য, রাফি মাদকাসক্ত হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, অনলাইনে অর্ডার করে কেনা ছুরি দিয়েই তিনি মাকে হত্যা করেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রবিবার রাতে রাফি বাড়িতে এসে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান। লাকি বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাফি ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

জানা গেছে, মাকে ছুরিকাঘাতের পর বোন মিথিলাকেও আঘাত করেন রাফি। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা মোহাম্মদ মোস্তফাকেও ছুরিকাঘাত করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাফি পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করেন।

আহত তিনজনকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির বলেন, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ঘটনাস্থল থেকে রাফিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, অনলাইনে অর্ডার দিয়ে দুটি ছুরি কিনেছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি জব্দ করেছে পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, লাকি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।